সৌদিতে আটকেপড়াদের আনবে বিমানের দুই বিশেষ ফ্লাইট

করোনা পরিস্থিতিতে সৌদি আরবে আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আরও দুটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বিমান। আগামী ২৮ ও ২৯ আগস্ট ফ্লাইট দুটি সৌদির জেদ্দা এবং রিয়াদ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

বিমান জানায়, আগে নিবন্ধিত যাত্রীরা বিমানের অফিস থেকে পাসপোর্ট, ভিসা-ইকামা দেখিয়ে এসব ফ্লাইটের টিকিট কিনতে পারবেন। ২৮ আগস্টের জেদ্দা-ঢাকা একমুখী যাত্রার টিকিটের মূল্য ইকোনমি ক্লাস ২২০০ ও বিজনেস ক্লাস ৩২০০ সৌদি রিয়াল। বিজনেস ক্লাসের যাত্রীরা ৫০ ও ইকোনমি ক্লাসের যাত্রীরা ৪০ কেজি চেক-ইন ব্যাগেজ এবং ৭ কেজি করে হ্যান্ড লাগেজ আনার সুবিধা পাবেন। ২৯ আগস্টের রিয়াদ-ঢাকা একমুখী ফ্লাইটের টিকিটের দাম ইকোনমি ক্লাস ২১৫০ ও বিজনেস ক্লাস ৩০০০ সৌদি রিয়াল। বিজনেস ক্লাসের যাত্রীরা ৫৫ ও ইকোনমি ক্লাসের যাত্রীরা ৪৫ কেজি চেক-ইন ব্যাগেজ এবং উভয় ক্লাসের যাত্রীরা ৭ কেজি হ্যান্ড লাগেজ আনার সুবিধা পাবেন।

এদিকে ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট বাড়িয়েছে বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই রুটে সপ্তাহে দুটির পরিবর্তে তিনটি ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।

ইউএস বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, করোনা পরিস্থিতিতে গত ১৬ আগস্ট থেকে তারা স্বাস্থ্যবিধি মেনে মালয়েশিয়ার কুয়ালালামপুরে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করে আসছেন। বর্তমানে বৃহস্পতি ও রবিবার রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাচ্ছে।