বিদ্যুৎকেন্দ্রের পাইপলাইনে হামলায় অন্ধকারে গোটা সিরিয়া

বিদ্যুৎকেন্দ্রের গ্যাস পাইপলাইনে হামলায় রবিবার রাতজুড়ে অন্ধকারে ছিল গোটা সিরিয়া। সোমবার দেশটির কর্তৃপক্ষ বিষয়টি জানায়।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা সূত্রে এ খবর দিয়েছে কাতারভিত্তিক আলজাজিরা।  

সিরিয়ার বিদ্যুৎমন্ত্রী জুয়াহির খারবোটলি জানান, রবিবার রাতে রাজধানী দামেস্কে একটি পাইপ লাইনে বিস্ফোরণ ঘটে। যার ফলে গোটা সিরিয়া অন্ধকারে চলে যায়।

কোনো সন্ত্রাসীর হামলার ফলে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ ধারণা করছে। 

উত্তর-পূর্ব দামেস্কের শহরতলি এলাকা আদরা এবং আল-দামিরে আরব গ্যাস পাইপলাইনে এ হামলার ঘটনা ঘটে।

তেলমন্ত্রী আলি ঘানেম জানান, যে পাইপলাইনে এ বিস্ফোরণ ঘটেছে সেটি দক্ষিণ সিরিয়ায় তিনটি বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ করে। 

সানায় প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, রাতে পাইপলাইনে একাধিক জায়গায় আগুন জ্বলছে। বিস্ফোরণের ফলে এ আগুনের সূত্রপাত হয়।

এ নিয়ে ছয়বারের মতো হামলার শিকার হলো পাইপলাইনটি, জানান বিদ্যুৎমন্ত্রী খারবোটলি। কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর পাইপলাইনটিকে পুনরুদ্ধারে সক্ষম হন টেকনিশিয়ানরা।

তবে হামলা সম্পর্কিত বিস্তারিত কিছু জানায়নি সিরীয় কর্তৃপক্ষ।