সিভি পাঠাতে ই-মেইলে যে বিষয়গুলো খেয়াল রাখবেন

ই-মেইলে চাকরির জন্য আবেদনপত্র বা সিভি পাঠাতে গিয়ে ভুল করে থাকেন অনেকে। যথাযথ প্রক্রিয়ায় ই-মেইল না করলে আপনার সিভি খুলেও দেখবেন না নিয়োগদাতারা। ফলে আপনি বুঝবেন না, কেন আপনাকে তারা ডাক দেয়নি।

আসুন জেনে নিই, ই-মেইল করতে গিয়ে কোন বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখা উচিত।

যৌক্তিক ই-মেইল ঠিকানা ব্যবহার

নামের সঙ্গে সম্পর্কহীন বা যুক্তিযুক্ত নয় ই-মেইল ঠিকানা থেকে সিভি পাঠানো যাবে না। যেমন, bengaltiger@gmail.com বা innocentboy@yahoo.com এমন ই-মেইল ঠিকানা ব্যবহার করে থাকে অনেকে, সিভি পাঠানোর ক্ষেত্রে যা উচিত নয়। ই-মেইল ঠিকানা হতে হবে নিজের নামের সঙ্গে মিলিয়ে। সিভি পাঠানোর জন্য প্রয়োজনে আলাদা ই-মেইল ঠিকানা খুলে নিন।

সাবজেক্ট লিখতে ভুল নয়

যে ফরম্যাটে সিভি পাঠাতে বলেছে নিয়োগদাতা প্রতিষ্ঠান, যথাযথভাবে তা অনুসরণ করতে হবে। সেখানে পোস্ট বা বিষয় উল্লেখ করা থাকে। ফলে ই-মেইল করার সময় সাবজেক্ট অপশনে সেটিই লিখতে হবে। কোনোভাবেই 'মাই সিভি' এমন লেখা যাবে না সাবজেক্টে। কারণ, একটি প্রতিষ্ঠানে একাধিক পোস্টের জন্য হাজার হাজার সিভি জমা পড়ে, সেখানে সাবজেক্টে নির্দিষ্ট করে কিছু বলা না থাকলে আপনার সিভি অসংখ্য মেইলের ভিড়ে হারিয়ে যাবে।

কোনোভাবেই ভুল বানান নয়

মেইলের সাবজেক্টে বা বিবরণে ভুল বানান থাকলে আপনার সম্পর্কে নেতিবাচক ধারণা হয় নিয়োগদাতাদের। বানানসহ ব্যাকরণগত ভুল থেকে যায় অনেকের মেইলে। এসব ভুল এড়িয়ে চলতে হবে। 

সঠিক নামে সিভির ফাইল সেভ

সঠিক নামেই আপনার সিভির ফাইলের নামকরণ করতে হবে। অনেকে সিভি লিখে ফাইলটি সেভ করেন নানা শব্দ দিয়ে, যেমন-cv, my cv ইত্যাদি। কোনোভাবেই এ ভুল করা যাবে না। নয়ত আপনার সিভি খুঁজে পেতে সমস্যা হয় নিয়োগদাতাদের। পোস্ট সহকারে নিজের নাম দিয়ে ফাইল সেভ করাটাই যুক্তিযুক্ত।

সিভি ও ছবি একসঙ্গে পাঠান

অনেকেই ভিন্ন মেইলে সিভি ও ছবি পাঠান। এক মেইলে সিভি ও ছবি পাঠাতে হবে। কারণ শত শত আবেদনকারীর মেইলের মধ্যে আলাদাভাবে আপনার ছবি খুঁজবে না কেউ।