পটুয়াখালীর বাউফলে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, ৩০ ডিসেম্বরের মধ্যরাতের মহাভোট ডাকাতির নির্বাচনের পর বর্তমান সরকারের দুঃশাসন এখন আরো ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকার অবর্ণনীয় দুঃশাসন জারি রেখে মানুষের জানমালের নিরাপত্তাকে এখন চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব বলেন।
পটুয়াখালী জেলাধীন বাউফল উপজেলা ছাত্রদল নেতা খন্দকার রাশেদুল হাসান শাওনকে সোমবার সকাল ১১টায় হামলা চালিয়ে তাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় নিন্দা, প্রতিবাদ ও শোক প্রকাশ করে এ বিবৃতি দেন বিএনপি মহাসচিব।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, জাতীয় সংসদ ভোট ডাকাতির পর সরকারের আশকারায় দুষ্কৃতিকারীরা দেশব্যাপী লাগামহীন খুন জখমে মেতে উঠেছে। সরকারের ভয়াবহ দুশাসনের যাঁতাকলে দেশের মানুষ সর্বদা পিষ্ট হচ্ছে। অজানা আতঙ্ক আর ভয়াল পরিবেশ মানুষের স্বাভাবিক জীবন-যাপনকে করে তুলেছে বিপর্যস্ত।
তিনি বলেন, প্রকাশ্য দিবালোকে ছাত্রদল নেতা খন্দকার রাশেদুল হাসান শাওনকে হত্যা করার ঘটনায় আবারো প্রমাণিত হলো দেশে আইনের শাসন নেই, দেশ যেন সন্ত্রাসীদের অভয়ারণ্য।