দুর্নীতিতে স্ত্রীর জড়িত থাকার অভিযোগ নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিকের মুখে ঘুসি মারার হুমকি দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বোলসোনারো। দেশটির স্থানীয় দৈনিক ও গ্লোবোর এক প্রতিবেদকের প্রশ্নের জবাবে অতি ডানপন্থি এই প্রেসিডেন্ট বলেন, ‘আমি তোমার মুখে ঘুসি মারতে চাই।’
গত রবিবার দেশটির রাজধানী ব্রাসিলিয়ার মেট্রোপলিটন ক্যাথেড্রাল নিয়মিত পরিদর্শন শেষে একদল সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎ করেন বোলসোনারো। অন্যান্য সাংবাদিকরা ওই হুমকির প্রতিবাদ জানালে বোলসোনারো তাতে পাত্তা না দিয়ে কোনো মন্তব্য না করে ঘটনাস্থল ত্যাগ করেন।
ও গ্লোবোর প্রতিবেদক ‘ক্রুশো ম্যাগাজিনে’ প্রকাশিত ফার্স্ট লেডি মিশেল বোলসোনারো, প্রেসিডেন্টের বন্ধু ও তার ছেলের সাবেক উপদেষ্টা এবং বর্তমান সিনেটর ফেব্রিসিও কুইরেজকে নিয়ে প্রতিবেদনের বিষয়ে জানতে চান।
অর্থ পাচারের অভিযোগে বর্তমানে ফ্লাভিও বোলসোনারো ও কুইরেজের বিরুদ্ধে তদন্ত চলছে। ফ্লাভিও বোলসোনারো যখন আঞ্চলিক আইনপ্রণেতা ছিলেন, তখন দুর্নীতির এ ঘটনা ঘটে। তবে সে সময় জইর বোলসোনারো প্রেসিডেন্ট ছিলেন না।
প্রতিবেদন অনুযায়ী কুইরেজ ২০১১ থেকে ২০১৬ সালের মধ্যে মিশেল বোলসোনারোর ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৭২ হাজার ব্রাজিলিয়ান রিয়েল স্থানান্তর করেন। তবে এ মামলার ব্যাপারে ফার্স্ট লেডি মিশেল বোলসোনারো কিছু বলেননি।