শিশুকে মদ খাইয়ে টিকটক ভিডিও তৈরি, গ্রেপ্তার ৮

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাটে শারীরিক প্রতিবন্ধী এক শিশুকে নিয়ে মদ খাইয়ে টিকটক ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে শিশুটির বড় ভাই বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং আইসিটি আইনে মামলা করলে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলো উপজেলার কামড়াবন্দ গ্রামের আলম শেখ (২৩), তারেক (২২), দীপু (২২), রনি (১৭), বাদাঘাট গ্রামের আবদুল্লাহ (১৬), মোজাম্মেল হক (২২), সাগর (২১), পাগলপুর গ্রামের মনির মিয়া (১৯)। গতকাল সোমবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়,  কিছুদিন আগে বাদাঘাট বাজারের সততা স্টোরের মোজাম্মেল হকের ফেইসবুক আইডি থেকে প্রশাসন ও সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে শিশুটির ছবি ও একটি ভিডিও আপলোড করা হয়। ওই ভিডিওতে শিশুটি জানায় বাদাঘাটের কয়েক যুবক তাকে জোরপূর্বক মদ খাইয়ে বিভিন্ন রকমের টিকটক ভিডিও তৈরি করে তা ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে। রবিবার এ ঘটনায় শিশুটির ভাই থানায় ১০ জনকে আসামি করে মামলা করেন। রবিবার রাতেই ওই আটজনকে গ্রেপ্তার করে পুলিশ।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান জানান, ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে আটক আটজনসহ মোট ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।