ইয়াবাসহ বানিয়াচঙ্গ ছাত্রলীগ সভাপতি মামুন গ্রেপ্তার

তিনশ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন বানিয়াচঙ্গ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান মামুন।

মঙ্গলবার ভোরে বানিয়াচঙ্গ উপজেলা সদরে বড় বাজার এলাকায় একটি ফার্নিচারের দোকান থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি।

পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইয়াবা ছাড়াও তার কাছে একটি কিরিছ পাওয়া গেছে।

 পুলিশের একটি সূত্র জানায়, গোপন সূত্রে খবর পাওয়া যায়, ছাত্রলীগ নেতা মামুন ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন পুলিশ সুপার। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ভোরের দিকে বড় বাজারের আনহার মিয়ার ফার্নিচারের দোকানে অভিযান চালায় ডিবি।

ডিবির কর্মকর্তা মানিকুজ্জামান দেশ রূপান্তরকে জানান, এ সময় দোকানের ভেতরে বসে মামুন ইয়াবা বিক্রি করছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গ্রেপ্তার  মামুন বানিয়াচং উপজেলার পূর্ব তোপখানার নানু মিয়া মাস্টারের ছেলে। প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে অভিযানের সময় আনহার ও মুহিন নামে দুইজন পালিয়ে যায়।