আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বাহিনীর জনসংযোগ শাখা শেখে মঙ্গলবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে তিনি গোপালগঞ্জে উপস্থিত হলে বাহিনীর উপ-মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও পরিচালক ঢাকা রেঞ্জ মোহাম্মদ সাজ্জাদুর রহমান এবং পরিচালক ২১ আনসার ব্যাটালিয়ন ও জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মো. ফেরদৌস আহমেদ মহাপরিচালককে স্বাগত জানান।
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মহাপরিচালক বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা, শেখ কামাল, শেখ জামালসহ ১৫ই আগস্টে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মহাপরিচালক গোপালগঞ্জের বেদগ্রামে অবস্থিত বাহিনীর ২১ আনসার ব্যাটালিয়ন কার্যালয় পরিদর্শন করেন এবং সেখানে আয়োজিত দরবার অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডিজি মিজানুর রহমান অনুষ্ঠানে কর্মকর্তা, কর্মচারী, ব্যাটালিয়ন ও সাধারণ আনসার সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরে তিনি গোপালগঞ্জে পাঁচুরিয়ায় অবস্থিত আনসার ও ভিডিপি প্রশিক্ষণ সেন্টার পরিদর্শন করেন এবং উপস্থিত বাহিনীর প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন। এছাড়া, মহাপরিচালক জেলা আনসার ও ভিডিপি কার্যালয় পরিদর্শন করেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আসিফ ইকবাল, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) মো. শাহ্বুদ্দিন এবং উপপরিচালক (সমন্বয়) মো. সেফাউল হোসেন ডিজির সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।