সাভারের আশুলিয়ায় সেন্টু সরকার (৩৫) নামে সৌদিপ্রবাসী যুবককে হাত-পা বেঁধে মারধর ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার বিকেলে ধামসোনা ইউনিয়নের কন্ডা মধুপুর গ্রামের খন্দকারপাড়া মহল্লার নির্মাণাধীন নিজ বাড়ি থেকে ওই যুবকের অর্ধগলিত মৃতদেহটি উদ্ধার করেছে আশুলিয়া থানা-পুলিশ।
এ সময় ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ভাঙা ছুড়ি, বটি ও চাকু উদ্ধার করা হয়েছে।
নিহত সৌদিপ্রবাসী সেন্টু সরকার ঢাকার ধামরাই উপজেলার তেরধারা গ্রামের নারায়ণ সরকারের ছেলে। তিনি গত ৮ মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন। সম্প্রতি তিনি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের কন্ডা মধুপুর গ্রামের খন্দকারপাড়া মহল্লায় একটি বাড়ি নির্মাণের কাজ করছিলেন।
থানা-পুলিশ জানায়, গত ২০ আগস্ট সেন্টু সরকার ধামরাইয়ের বাসা থেকে আশুলিয়ায় নির্মাণাধীন নতুন বাড়ির কাজ দেখাশোনার জন্য আসেন। পরবর্তীতে গত ২৩ আগস্ট তার মায়ের সঙ্গে শেষ কথা হয় সেন্টুর। কিন্তু এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় মঙ্গলবার সকালে তার ভাই আশুলিয়ার নতুন বাড়িতে আসেন। এক পর্যায়ে বাড়ির একটি তালাবদ্ধ কক্ষের মধ্যে থেকে পচা দুর্গন্ধ পান এবং মাছি উড়তে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় বিষয়টি থানা-পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেন।
এ সময় নিহতের পা একটি কাল কাপড় দিয়ে ও জানালার সঙ্গে এবং হাত গামছা দিয়ে বাঁধা ছিল। এ ছাড়া নিহতের গলায় ও দেহের বিভিন্ন স্থানে গভীর ক্ষত চিহ্ন ও ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে।
এ ঘটনায় প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, গত দুই দিন আগে কেউ তাকে হাত পা বেঁধে ধারালো ছুরি দিয়ে হত্যা করেছে। পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ভাঙা ছুড়ি, বটি ও চাকু উদ্ধার করা হয়েছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন কবির বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তর জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।