বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনায় অনুসন্ধানের পঞ্চম দিনে ডিআরডিও গেস্টহাউজে সুশান্ত ঘনিষ্ঠ ছয় ব্যক্তিকে মুখোমুখি জেরা করেছে সিবিআই। তাদের মধ্যে রয়েছেন সুশান্তের পরিচারক নীরজ ও কেশব, সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানি, প্রাক্তন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রজত এবং বর্তমান অ্যাকাউন্ট্যান্ট সন্দীপ শ্রীধর।
সিবিআইয়ের আর একটি দল মঙ্গলবার আবার কুপার হাসপাতালের চিকিৎসকদের জবানবন্দী রেকর্ড করে। এই হাসপাতালেই সুশান্তের দেহের ময়নাতদন্ত হয়েছিল।
একটি সূত্রের বরাত দিয়ে আনন্দআজার জানায়, সুশান্তের ময়নাতদন্তের রিপোর্ট এবং সিদ্ধার্থ ও নীরজদের জবানবন্দীতে অসঙ্গতি পাওয়া গিয়েছে। পাশাপাশি, এ দিন মুম্বাই পুলিশের দুই অফিসার ভূষণ বেলনেকর এবং বৈভব জগতাপকেও ডেকেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি।
শোনা যাচ্ছে খুব শীঘ্রই সিবিআই ডেকে পাঠাতে পারে এফআইআরে মূল অভিযুক্ত সুশান্ত সিংহ রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে।