৬০০ উইকেটের চূড়ায় অ্যান্ডারসন

২০০৩ সালে লর্ডস থেকে টেস্ট অভিযাত্রা শুরু করেছিলেন জিমি অ্যান্ডারসন। জিম্বাবুয়ের মার্ক ভার্মিউলেনকে আউট করে শিকার শুরু। এরপর কেটে গেছে ১৭ বছর। এই লম্বা সময়ে ফাস্ট বোলিংয়ের একাধিপতি হয়ে উঠেছেন তিনি। ১৫৬ টেস্টে ৬০০ উইকেটের মালিক হওয়া সেই আধিপত্যেরই সেরা নিদর্শন। ফিটনেসেরও। সাউদাম্পটন টেস্টের শেষ দিনের বিকেলে গতকাল আজহার আলিকে আউট করে টেস্ট ইতিহাসের প্রথম পেসার হিসেবে অনন্য এই নজির গড়লেন অ্যান্ডারসন। ২০১৮ সালে ভারতের বিপক্ষে ৫৬৪তম উইকেট নিয়ে গ্লেন ম্যাকগ্রাকে ছাপিয়ে সর্বাধিক উইকেট পাওয়া পেস বোলার হয়েছিলেন তিনি। মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন ও অনিল কুম্বলের পর চতুর্থ বোলার তিনি যিনি ৬০০ উইকেটের কীর্তি গড়লেন।

প্রথম ইনিংসের ৫ উইকেটের সঙ্গে চতুর্থ দিন পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ২ উইকেট নিয়ে ৫৯৯-এ পৌঁছে গিয়েছিলেন অ্যান্ডারসন। আরাধ্য উইকেটটির জন্য বৃষ্টির সঙ্গে লড়তে হয়েছে তাকে। গতকাল শেষ দিনের চা বিরতির পর ২ উইকেটে ১০০ রান নিয়ে খেলতে নামা পাকিস্তানের অধিনায়ক আজহারকে স্লিপে অধিনায়ক জো রুটের তালুবন্দি করিয়ে ল্যান্ডমার্কে পৌঁছান উইলিয়ামসন। শেষপর্যন্ত

পাকিস্তান ৪ উইকেটে ১৮৭ রানে পৌঁছলে দুই অধিনায়ক ড্র মেনে নিয়েছেন এ ম্যাচের। তবে বৃষ্টি বারবার বাগড়া না দিলে ফলোঅনে পড়া পাকিস্তান পরাজয় এড়াতে পারত কি না সন্দেহ। বৃষ্টিতে দ্বিতীয় টেস্টও ড্র হওয়ায় ১-০তে সিরিজ জেতে ইংল্যান্ড।