সেপ্টেম্বরের মাঝামাঝি রেল যোগাযোগ প্রায় স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এ লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বর থেকে আরও ১৯ জোড়া যাত্রীবাহী ট্রেন চালু করা হবে। গতকাল মঙ্গলবার রেল মন্ত্রণালয় এসব সিদ্ধান্ত নিয়েছে। রেলের উপ-পরিচালক খায়রুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রেন ভ্রমণে স্বাস্থ্যবিধির কিছু কিছু বিষয় শিথিল করা হয়েছে। তবে সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত বলবৎ রয়েছে।
রেলের কর্মকর্তারা জানিয়েছেন, করোনার কারণে রাতের ট্রেনগুলোতে বার্থে (শুয়ে ভ্রমণ) চাদর, কম্বল ও বালিশ সরবরাহ বন্ধ ছিল। ৫ সেপ্টেম্বর থেকে তা পুনরায় চালু হবে। করোনার সময় ট্রেনের খাবার গাড়ি বন্ধ ছিল। ৫ সেপ্টেম্বর থেকে তা চালু হচ্ছে। অর্থাৎ চা, কফি, বোতলজাত পানি, চিপস-বিস্কুটসহ প্যাকেটজাত খাবার পাওয়া যাবে। তবে রান্না করা নাশতা আরও দেরি হবে। এ ছাড়া রেলওয়ে পাস ও মিলিটারি পাসধারীদের টিকিট দেওয়ারও ব্যবস্থা করা হবে।