করোনাভাইরাসের (কভিড-১৯) বৈশ্বিক সংক্রমণ ২ কোটি ৪০ লাখ ছাড়িয়েছে। মৃত্যু ছাড়িয়েছে ৮ লাখ ২৩ হাজারের গণ্ডি।
বুধবার সকালে ওয়ার্ল্ডো মিটারের দেওয়া তথ্যে এমন চিত্র উঠে এসেছে।
করোনার বৈশ্বিক সংক্রমণ ২ কোটি ৪০ লাখ ৫০ হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যু ছাড়িয়েছে ৮ লাখ ২৩ হাজার। এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাস থেকে সেরে উঠেছেন ১ কোটি ৬৬ লাখের বেশি।
বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারত এখন করোনার হটস্পট। টানা ২৩ দিন দক্ষিণ এশিয়ার দেশটি দৈনিক সংক্রমণে বিশ্বে শীর্ষে রয়েছে। দেশটিতে ৬০ হাজারের ওপরেই থাকছে দৈনিক সংক্রমণ যা প্রায় ৭০ হাজারে গিয়েও ঠেকে কয়েকবার।
বুধবারের ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় ৬৬ হাজার ৮৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে ভারতে। একই সময়ে মারা গেছেন ১ হাজার ৬৬ জন।
দৈনিক সংক্রমণে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন প্রায় ৪৭ হাজার মানুষ। আর ৪০ হাজারের বেশি শনাক্ত নিয়ে তৃতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র।
ভারতে মোট করোনা শনাক্ত হয়েছে ৩২ লাখ ৩১ হাজারের বেশি। এখন পর্যন্ত মারা গেছেন ৫৯ হাজার ৬১২ জন। দেশটি সংক্রমণে তৃতীয় আর মৃত্যুতে চতুর্থ অবস্থানে রয়েছে।
সাড়ে ৫৯ লাখের বেশি শনাক্ত আর ১ লাখ ৮২ হাজারের বেশি মৃত্যু নিয়ে সংক্রমণ ও মৃত্যু দুটিতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।
সংক্রমণ ও মৃত্যুতে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ৩৬ লাখ ৭৪ হাজারের বেশি আর মৃত্যু ছাড়িয়েছে ১ লাখ সাড়ে ১৬ হাজারের গণ্ডি।
শনাক্তের সংখ্যা ৫ লাখ ৬৮ হাজারের বেশি হলেও প্রায় সাড়ে ৬১ হাজার মৃত্যু নিয়ে বৈশ্বিক তালিকায় তৃতীয় স্থানে আছে মেক্সিকো।