গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিককালে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করা হয়েছে।
কম্পিউটার চুরি বিষয়ে গঠিত তদন্ত কমিটি থেকে বাদ দেয়ায় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলাম হীরা বুধবার সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করেছেন।
অন্যদিকে, একই সময়ে সাধারণ শিক্ষার্থীরা নজরুল ইসলাম হীরার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য মানববন্ধন কর্মসূচি পালন ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. মো. শাহজাহান ও জেলা প্রশাসক শাহিদা সুলতানা’র কাছে স্মারকলিপি পেশ করেন।
সরকারি বঙ্গবন্ধু কলেজের ছাত্র মিলনায়তনে সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলাম হীরার পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু কলেজের বিগত আমলের বেশ কয়েকজন ভিপি-জিএস-রা অংশ নেন। মূলত সহকারী রেজিস্ট্রার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিলেও তার পক্ষে লিখিত বক্তব্য দেন সাবেক ভিপি আতিকুর রহমান পিটু।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের মূল ফটকের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনকারীরা বিশ্ববিদ্যালয় থেকে চুরি যাওয়া কম্পিউটার বিষয়ে নিরপেক্ষ তদন্ত দাবির পাশাপাশি চোরদের মূল হোতাকে সবার সামনে আনার দাবি জানান।
পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি ও জেলা প্রশাসকের কাছে শিক্ষার্থীরা স্মারকলিপি পেশ করে শিক্ষার্থীরা।
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিককালে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনাকে কেন্দ্র করে কাদা ছোড়া-ছুড়িতে প্রকৃত চোর ও চুরি যাওয়া মালামাল উদ্ধারে দীর্ঘসূত্রিতা বাড়ছে।