আগামী ১ সেপ্টেম্বর দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এসব কর্মসূচি ঘোষণা দেন।
তিনি বলেন, ‘গত ১৬ আগস্ট দলের স্থায়ী কমিটির বৈঠকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয়।’
প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ১ সেপ্টেম্বর সকাল ৬টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। সেদিন সকাল ১১টায় দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও ফাতেহা পাঠ করবেন।
এরপর বেলা সাড়ে ১১টায় ঢাকা মহানগর উত্তর বিএনপি জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি দেবে ও ফাতেহা পাঠ করবে।
দুপুর ১২টায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি দেবে ও ফাতেহা পাঠ করবেন।
বিকেল সাড়ে ৩টায় দেশবরেণ্য বুদ্ধিজীবীদের অংশগ্রহণে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার ছাপানোর কাজ শেষ হয়েছে। এছাড়া বিভিন্ন জাতীয় দৈনিকে ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর সারা দেশে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দেশব্যাপী বিএনপির সব ইউনিট ১ সেপ্টেম্বর সকাল ৬টায় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করবে।
স্থানীয় সুবিধানুযায়ী স্বাস্থ্যবিধি মেনে দলের জেলা ও মহানগরসহ বিভিন্ন পর্যায়ের ইউনিটগুলো দিবসটি উপলক্ষে কর্মসূচি গ্রহণ করবে।
অনুরূপভাবে সারাদেশে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।