দেশে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা কিছুটা কমতির দিকে থাকলেও সেই অনুপাতে কমছে না মৃত্যু। সবশেষ চব্বিশ ঘণ্টায় ছোঁয়াচে এই ভাইরাসে অর্ধশতকের বেশি দেখেছে দেশ, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ।
করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সবশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত একদিনে দেশে কভিড-১৯ এ আক্রান্তদের মধ্যে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮২ জন।
এর আগে দেশে সবশেষ পঞ্চাশ ছাড়ানো মৃত্যুর ঘটনা ঘটেছিল গত ২৬ জুলাই। ওই দিনও মৃত্যুর সংখ্যা ছিল ৫৪ জন।
বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু। এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ৬৪ জন, ৩০ জুন; আর সর্বোচ্চ শনাক্তের সংখ্যা ৪ হাজার ১৯ জন, ২ জুলাই।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, চব্বিশ ঘণ্টায় ১৫ হাজার ৭০টি নমুনা পরীক্ষা করে আরও ২ হাজার ৫১৯ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। তাতে সরকারি হিসেবে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২ হাজার ১৪৭ জন।
আক্রান্তদের মধ্যে চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৪২৭ জন। মোট করোনাজয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন।