মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট গাইয়ুম করোনায় আক্রান্ত

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুম নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বার্তা সংস্থা জানায়, মঙ্গলবার রাতে টুইটার পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

টুইটে আবদুল গাইয়ুম বলেন, পরীক্ষায় আমার কভিড-১৯ পজিটিভ এসেছে। মহান আল্লাহ আমার ও অসুস্থ অন্যান্যদের দ্রুত আরোগ্য লাভে সহায় হোন।

পরিবারের সদস্যরা জানান, সোমবার রাতে তার জ্বর আসার পর পরদিন সকালে চিকিৎসকদের পরামর্শে তিনি কভিড-১৯ পরীক্ষা করান। এতে পজিটিভ ফল আসে। 

রাজধানী মালেতে ধারুমাভন্থ হাসপাতালে ভর্তি করা হতে পারে বলে জানিয়েছেন পরিবারের একজন সদস্য।

১৯৭৮ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা ৩০ বছর ধরে মালদ্বীপের প্রেসিডেন্ট ছিলেন ৮১ বছর বয়সী গাইয়ুম।

এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা নেতাদের অন্যতম তিনি।

এদিকে লকডাউন তুলে নেয়ার পর থেকে মালদ্বীপে নতুন করে সংক্রমণ দেখা দিয়েছে। করোনা রোগীর সংখ্যা বেড়ে তিনগুণে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ৭ হাজার লোক।