যেকোনো প্রতিষ্ঠানে দক্ষ ও যোগ্য কর্মী নিয়োগ দেয়ার কাজটি করে থাকেন হিউম্যান রিসোর্স অফিসার বা এইচআর অফিসার। মানবসম্পদ বিভাগে তিনি কাজ করে থাকেন। কর্মী বাছাইয়ের মতো চ্যালেঞ্জিং কাজ তিনি করে থাকেন।
হিউম্যান রিসোর্স অফিসারের কাজ
কর্মী নিয়োগের ক্ষেত্রে অনেকগুলো প্রক্রিয়া অনুসরণ করতে হয়। প্রতিষ্ঠানের কর্মীর চাহিদা যাচাই করা, নিয়োগের পরিকল্পনা করা, নিয়োগপ্রার্থীদের তথ্য যাচাই-বাছাই করা, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা-সবই করতে হয় একজন হিউম্যান রিসোর্স অফিসারকে।
এ ছাড়া অফিসের কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, কর্মীদের সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া, চাহিদা অনুযায়ী কর্মীকে পদ দেয়া, কর্মীদের ছুটি সংক্রান্ত বিষয়গুলো দেখভাল করা তার দায়িত্বের মধ্যে পড়ে।
অফিসের সকল বিভাগের সঙ্গে যোগাযোগ রক্ষা করা ও নিয়মকানুন সম্পর্কে জানান হিউম্যান রিসোর্স অফিসার। মানবসম্পদ বিভাগের প্রধানকে সাহায্য করা, কর্মীদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধার খেয়াল রাখা, কর্মীদের অভিযোগ গ্রহণ করা ও সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়াও তার কাজ।
কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে সাধারণত হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা মানবসম্পদ ব্যবস্থাপনার উপরে এমবিএ ডিগ্রি থাকা বাধ্যতামূলক। বাড়তি কিছু কোর্স করা থাকলে ভালো। এ সংক্রান্ত ডিপ্লোমা ও শর্ট কোর্সও করিয়ে থাকে অনেক ইনস্টিটিউট বা ট্রেনিং সেন্টার। প্রতিষ্ঠানসাপেক্ষে বয়সের সীমা নির্ধারিত হয়। বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে, তবে ১-২ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। কারণ, এ পেশায় অভিজ্ঞদের মধ্যে প্রাধান্য রয়েছে।