রাস্তার স্থায়ী কাজের প্রতিশ্রুতি ৩ বছরেও বাস্তবায়ন হয়নি

বর্ষায় রাঙ্গামাটির সড়কগুলোর ধস ঠেকাতে স্থায়ী কাজ করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়ার পরও তা বাস্তবায়ন হয়নি। ২০১৭ সালের ১৩ জুন রাঙ্গামাটিতে প্রবল বর্ষণে ব্যাপক ভূমিধস ও প্রাণহানির ঘটনার পরও দেওয়া হয় প্রতিশ্রুতি। কিন্তু স্থায়ী কাজটির কোনো অগ্রগতি হয়নি।

ওই সময় সড়ক বিভাগের সাতটি সড়ক অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই সাত সড়কের ১৪৫টি স্থানে পাহাড়ধস হয়। তিন স্থানে রাস্তা একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ১১৩ স্থানে সড়কের পাশের অংশ ভেঙে পড়ে, যার কারণে ভারী যান চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছিল। সড়কের একটি অংশ ধসে গিয়ে টানা ১০ দিন রাঙ্গামাটির সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ ছিল। সড়ক বিভাগ সাময়িকভাবে গাছের খুঁটি দিয়ে সড়কগুলো সচল করলেও গত তিন বছরে স্থায়ীভাবে সড়কের ধস ঠেকাতে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা।

রাঙ্গামাটি সড়ক বিভাগ সূত্রে জানা যায়, ২০১৭ সালে সড়কের ব্যাপক ধসের পর সাময়িকভাবে সড়ক সচল রাখার জন্য ১৪ কোটি টাকা ব্যয়ে সংস্কার কার্যক্রম চালানো হয়। রাঙ্গামাটি বাসমালিক সমিতির সভাপতি মাইনুদ্দীন সেলিম ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কটি স্থায়ীভাবে সংস্কারের প্রতিশ্রুতি দিলেও তিন বছর পরও তা করা হয়নি। সড়কের স্থায়ী সমস্যা সমাধানে ২৫০ কোটি টাকার একটি প্রকল্পের কাজ শিগগিরই শুরু হচ্ছে জানিয়ে রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহে আরেফিন জানিয়েছেন, করোনার কারণে টেন্ডার জমাদানের সময়সীমা কয়েকবার বাড়ানো হয়। আগামী মাসে কাজের অনুমতি পেলেই সড়কের স্থায়ী সমাধানের কাজ শুরু করা যাবে।