মেসির প্রশংসায় পুয়োল

বার্সেলোনার বর্তমান মালিকপক্ষ বা পরিচালকরা সাবেক তারকাদেরও বিরাগভাজন। বার্সা কিংবদন্তি জাভি বর্তমান প্রেসিডেন্টের অধীনে কোচ হয়ে আসতে চাননি। এছাড়া সাবেক ফুটবলারদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ আছে জোসেপ মারিয়া বার্তোমেউ বোর্ডের। লিওনেল মেসির ক্লাব ছাড়ার ইচ্ছায় বর্তমান ফুটবলাররাও যে পরিচালকদের ওপর অসন্তুষ্ট তা আরও একবার প্রমাণ পেল। মেসির এই সাহসী সিদ্ধান্তের কারণে তাকে বাহবা দিয়েছেন মেসির সাবেক সতীর্থ কার্লোস পুয়োল।

মঙ্গলবার মেসির বার্সা ছাড়ার ইচ্ছার খবর প্রকাশ হতেই টুইটারে মেসির প্রশংসা করেন পুয়োল। মেসির ঘনিষ্ঠ একজন আর্জেন্টাইন সাংবাদিক প্রথম এই খবর প্রকাশ করেন। এর পরই টুইটারে পুয়োল লিখেন, ‘সম্মান ও প্রশংসা লিও, তোমার প্রতি আমার পূর্ণ সমর্থন রইল বন্ধু।’ পুয়োলের এই টুইট আবার প্রশংসা পেয়েছে লুইস সুয়ারেজের। টুইটারে পুয়োলের টুইটে হাততালি দিয়েছেন সুয়ারেজ। উরুগুয়ে তারকাকে বার্সার পক্ষ থেকে ফোন করে অন্য ক্লাবে যাওয়ার জন্য মুক্ত বলে জানিয়ে দেওয়া হয়েছে। সুয়ারেজের পাশাপাশি ভিদাল, রাকিতিচ, উমতিতির সঙ্গেও একই ব্যবহার করেছে বার্সা। ইন্টারনেট।