চুয়াডাঙ্গায় দুই বোনকে ঘরে আটকে রেখে ধর্ষণ

চুয়াডাঙ্গা সদর উপজেলায় দুই বোনকে ঘরে আটকে রেখে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার বোয়ালিয়া গ্রামের ওই ঘটনায় গত মঙ্গলবার রাতে আনোয়ার হোসেন সুমন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের ভাষ্য, গত সোমবার দুপুরে অনুষ্ঠানে রান্না করার কথা বলে ভুক্তভোগী ওই দুজনকে বাড়িতে ডেকে নেয় সুমন।

দর্শনা থানার ওসি মাহবুবুর রহমান জানান, ধর্ষণের শিকার ওই দুই নারী আপন বোন। তারা একটি ডেকোরেটরে বাবুর্চির কাজ করেন। সোমবার বিকেলে অনুষ্ঠানে রান্না করার কথা বলে নিজ বাড়িতে ডেকে নেয় একই গ্রামের রইচ উদ্দীনের ছেলে সুমন। এরপর মিলন নামে তার এক বন্ধুর বাড়িতে ওই দুই নারীকে আটকে রেখে রাতভর ধর্ষণ করে সুমন ও তার চার বন্ধু। মঙ্গলবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নির্যাতিতদের উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওইদিন রাতেই পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন ভুক্তভোগীরা। এরপর ওই রাতেই অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে বরগুনার আমতলীতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী দল বেঁধে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত মঙ্গলবার বিকেলে জিসান সোহেল (১৮) ও মো. সাগর (২১) নামে দুই তরুণকে গ্রেপ্তার করে পুলিশ।

সাভারে শিশুকে যৌন হয়রানি : সাভার পৌর এলাকায় নয় বছরের এক শিশুকে যৌন হয়রানির ঘটনায় দায়ের করা মামলায় গতকাল বুধবার দুপুরে মো. আমজাদ হোসেন (৫৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহারে বলা হয়, গত মঙ্গলবার বিকেলে ছাদে গিয়ে খেলাধুলা করার সময় শিশুটিকে নিজের কাছে ডেকে নেয় আমজাদ। এরপর শিশুটিকে নানাভাবে যৌন হয়রানি করে সে। একপর্যায়ে বাসায় ফিরে তার মাকে সব ঘটনা খুলে বলে ওই শিশু। এ ঘটনায় একটি মামলা করেন শিশুটির মা। সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ জানান, গতকাল দুপুরে আসামিকে আদালতে পাঠানো হয়।