এই মুহূর্তে ক্রীড়া দুনিয়া লিওনেল মেসিকে নিয়ে নানা প্রশ্নের উত্তর খুঁজছে। বার্সেলোনার আর্জেন্টাইন তারকা মঙ্গলবার ক্লাবকে জানিয়ে দিয়েছেন, তিনি ন্যু ক্যাম্প ছাড়তে চান। মেসি ক্লাবকে নিজের সিদ্ধান্ত জানানোর আগে থেকেই অনেক ক্লাব তাকে পেতে আগ্রহী ছিল। তবে এই মুহূর্তে তাকে দলে ভেড়াতে সবচেয়ে এগিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটি।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুসারে ইংলিশ ক্লাব ও মেসির মধ্যে যোগাযোগও শুরু হয়ে গেছে। মেসির জন্য যে ক্লাবে বেশ কিছু উপলক্ষও অপেক্ষা করছে। ইংলিশ জায়ান্ট ক্লাবটির বর্তমান কোচ পেপ গার্দিওলা। যিনি বার্সেলোনাতেই পার করেছেন সোনালি সময়। মেসির সামনে সুযোগ সিটিতে বন্ধু সার্জিও আগুয়েরোর সঙ্গে খেলারও।
ম্যানসিটি ছাড়াও বেশ কিছু ক্লাব অবশ্য আছে আলোচনায়। যেগুলো হলো- সিটির প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড, ফরাসি ক্লাব পিএসজি, ইতালিয়ান ক্লাব ইন্তার মিলান। মেসির শৈশবের ক্লাব নিউয়েল ওল্ড বয়েজের কথাও আছে আলোচনায়।
পিএসজি বেশ কিছু কারণেই মেসির জন্য হবে আকর্ষণীয়। প্যারিসের দলটিতে পুরোনো সতীর্থ নেইমারের সঙ্গে জুটি বাধার সুযোগ রয়েছে। আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থ অ্যাঙ্গেল ডি মারিয়ারও রয়েছেন সেখানে। কিন্তু ফরাসি ক্লাবটি এরই মধ্যে নেইমার-এমবাপ্পেদের পেছনে অনেক বিনিয়োগ করে ফেলেছে। তাই মেসির মতো তারকাকে ভেড়ানো তাদের জন্য কঠিন।
ইন্তারের জন্যও কাজটা কঠিন। কারণ ইতালিয়ান ক্লাবটি ম্যানচেস্টার সিটি, পিএসজির মতো প্রতিযোগিতামূলক পর্যায়ে নেই। ম্যানচেস্টার ইউনাইটেডের সম্ভাবনাও খুব কম। কারণ মেসিকে নিয়ে তাদের সিরিয়াস কথাবার্তা বলতে দেখা গেছে খুব কমই।
ঠিক এই জায়গাটাতেই আবার ম্যানসিটি সবার থেকে ঢের এগিয়ে। যদিও বার্সেলোনা এখনো বিশ্বাস করে না যে, মেসির চলে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। বুধবার ক্লাবটির নতুন স্পোর্টিং ডিরেক্টর রোমান প্লানেস বলেছেন, ‘বার্সেলোনা মেসির চলে যাওয়ার কথা ভাবছে না। আমরা তাকে ধরে রাখতে চাই।’
এদিকে বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের সঙ্গে মেসির বৈঠকের কথা রয়েছে বলে মার্কা তাদের প্রতিবেদনে বলেছে। যদিও কোনো পক্ষই এটি নিশ্চিত করেনি।
বার্সেলোনা মেসিকে ন্যু ক্যাম্পে রেখে দেওয়া চেষ্টা চালাচ্ছে। তবে মেসি সত্যিই চলে গেলে ম্যানচেস্টার সিটি তার জন্য ভালো বিকল্প এই মুহূর্তে। কারণ ট্রান্সফার ফি মিটিয়ে তাকে নেওয়ার ক্ষমতা রাখে দলটি।
ইএসপিএন তাদের খবরে বলেছে, এরই মধ্যে মেসির জন্য চুক্তির প্রস্তাব পত্র তৈরির কাজ শুরু করেছে সিটি। যে চুক্তিতে তিন বছর প্রিমিয়ার লিগে খেলার পর সিটি গ্রুপের আরেক ক্লাব নিউইয়র্ক সিটি এফসির হয়ে দুই বছর খেলার প্রস্তাব রাখা হবে বলে খবর।