গুগল সার্চে করোনাকে হারিয়ে দিলেন মেসি!

সময়ের প্রয়োজনে ইন্টারনেট ব্যবহারকারীরা করোনাভাইরাস তথা কভিড-১৯ সংক্রান্ত তথ্যাদি জানতে চাওয়ার কারণে গুগলে সার্চ ইঞ্জিনে ছোঁয়াচে এই ভাইরাসের অবস্থান দীর্ঘদিন ধরে শীর্ষে। বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসি ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথা জানানোর পর তাতে ছন্দপতন ঘটেছে।

কিসের করোনাভাইরাস, কভিড-১৯। মঙ্গলবার এক ফ্যাক্স বার্তায় বার্সা ছাড়ার সিদ্ধান্তের কথা জানানোর পর পরই গুগল সার্চিংয়ে ‘মেসি’ নামটি চলে আসে শীর্ষে।

‘মেসি ইজ লিভিং’, ‘মেসি নিউজ’, ‘মেসি বার্সা’, ‘সোপ অপেরা মেসি’, ‘হোয়াট হ্যাপেনড টু মেসি’—এসব লিখে গুগলে সার্চ করতে থাকে ইন্টারনেট ব্যবহারকারীরা।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, শুধু মেসি নয়, গুগলে সার্চিংয়ে শীর্ষ পর্যায়ে উঠে আসে বার্সেলোনার সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের নামও। অনেকের ধারণা তার কারণেই মেসিকে বার্সা ছাড়তে হচ্ছে। স্বাভাবিক অবস্থার চেয়ে বার্তোমেউয়ের সাচিংয়ের হার বেড়ে যায় ১৪৫০ শতাংশ।

মেসি যে মাধ্যম ব্যবহার করে বার্সেলোনার হর্তাকর্তাদের ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথা জানান, গুগল সার্চিংয়ে সেই ‘বুরোফ্যাক্স’ এর অবস্থানও শীর্ষ পর্যায়ে উঠে আসে।

মঙ্গলবার এবং এর পরের সময়টায় স্পেনে গুগল সার্চিংয়ে করোনার চেয়ে প্রায় দ্বিগুণ ছিল ‘মেসি’ শব্দটি। এ ছাড়া বিশ্বব্যাপী সার্চের হিসেবেও কয়েক ঘণ্টার জন্য করোনাকে টেক্কা দিয়েছিলেন তারকা এই ফুটবলার।