এক মাসে টানা দুই দিন ‘সর্বনিম্ন’ শনাক্তের রেকর্ড

এক মাসের ভেতর গত দুই দিনে সবচেয়ে কম করোনা রোগী শনাক্তের রেকর্ড হয়েছে পৃথিবীতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, মঙ্গল এবং বুধবার টানা দুদিন হঠাৎ শনাক্তের সংখ্যা কম দেখা গেছে।

মঙ্গলবার মোট শনাক্তের ছিল ২ লাখ ৯ হাজার ৮৪৩ জন। গতকাল অর্থাৎ বুধবার কিছুটা বেড়ে এই সংখ্যা দাঁড়ায় ২ লাখ ১০ হাজার ১৮৩ জনে। প্রায় ৩৪ দিন আগে বিশ্বব্যাপী এর চেয়ে কম করোনা রোগী পাওয়া যায়। সেটা জুলাইয়ের ২২ তারিখ। সেদিন ২ লাখ ৩ হাজার ৪৫৮ জন রোগী শনাক্ত হন।

বাংলাদেশেও করোনা রোগী শনাক্তের হার সম্প্রতি কিছুটা নিয়ন্ত্রণে দেখা গেছে। দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৩৬ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ১১ শতাংশ। গত তিন মাসে এটি সর্বনিম্ন। এর আগে ২০ মে শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৮৪।

সব মিলিয়ে দেশে ৩ লাখ ৪ হাজার ৫৮৩ জনের করোনা শনাক্ত হলো।

শেষ ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৪৫ জন। সব মিলিয়ে করোনায় সংক্রমিত হয়ে এ পর্যন্ত মোট মারা গেছেন ৪ হাজার ১২৭ জন।

২৪ ঘণ্টায় সুস্থ ৩ হাজার ২৭৫ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ ১ লাখ ৯৩ হাজার ৪৫৮ জন।