বরিশালে চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

বরিশালে দুটি চাঁদাবাজি মামলায় সদর উপজেলার কাশীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও টেম্পো শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন লিটন মোল্লাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে চাঁদাবাজির পৃথক দুটি মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। নগরীর বিমানবন্দর থানার ওসি জাহিদ বিন-আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন লিটন মোল্লা। আদালতের বিচারক মারুফ আহমেদ জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

লিটন মোল্লা বরিশাল সদর উপজেলার কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক। প্রথমে জেলা টেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং পরে সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে ওই সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন তিনি।