সাজেক খুলছে ১ সেপ্টেম্বর

চাঁদাবাজির প্রতিবাদে কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধ

সন্ত্রাসীদের চাঁদার দাবির অভিযোগে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় মাছ শিকার বন্ধ রেখেছেন জেলেরা। গত বুধবার বিকেল থেকে মৎস্য ব্যবসায়ীরা জেলেদের মাছ শিকার বন্ধ রাখার নির্দেশ দিলে গতকাল বৃহস্পতিবারও মাছ ধরতে হ্রদে যাননি জেলেরা। এতে কাপ্তাই মৎস্য অবতরণ ঘাটে বৃহস্পতিবার কোনো মাছের বোট আসেনি।

কাপ্তাই মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বেলাল হোসেন মুঠোফোনে জানান, আঞ্চলিক একটি সংগঠন অতিরিক্ত চাঁদা দাবি করায় প্রায় ৫০০ জেলে মাছ শিকার বন্ধ রেখেছেন। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙ্গামাটি জেলার ব্যবস্থাপক লে. কমান্ডার তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আশা করছি শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে।

অপরদিকে, দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর আগামী ১ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে রাঙ্গামাটির সাজেক পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব।