করোনাকে হারিয়ে শীর্ষে মেসি

পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্বব্যাপী করোনাভাইরাস নিয়ে গুগলে সার্চ করা হয় অনেক বেশি। ফলে গুগলের সার্চে দীর্ঘদিন ধরে কভিড-১৯ রয়েছে শীর্ষে। বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসি ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথা জানানোর পর পরিবর্তন আসে সেই হিসেবে। এক ফ্যাক্স বার্তায় বার্সা ছাড়ার সিদ্ধান্তের কথা জানানোর পর স্পেনের গুগল সার্চিংয়ে ‘মেসি’ নামটি চলে আসে শীর্ষে। ‘মেসি ইজ লিভিং’, ‘মেসি নিউজ’, ‘মেসি বার্সা’, ‘হোয়াট হ্যাপেনড টু মেসি’ এইসব লিখে গুগলে সার্চ করতে থাকেন মেসিভক্তরা। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, শুধু মেসি নয়, গুগলে সার্চিংয়ে শীর্ষ পর্যায়ে উঠে আসে বার্সেলোনার সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের নামও। স্বাভাবিকের চেয়ে বার্তোমেউকে নিয়ে সার্চের হার বেড়ে যায় ১৪৫০ শতাংশ! বিশ্বব্যাপী গুগল সার্চিংয়েও করোনাকে পেছনে ফেলে কয়েক ঘণ্টার জন্য শীর্ষে চলে আসে মেসির নাম।