বাংলাদেশকে সতর্ক করছেন চান্দিমালরা

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলা শুরুর আগে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা বড় বড় ইনিংস হাঁকাতে শুরু করেছেন। কদিন আগে কুশল মেন্ডিস করেছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। এবার দিনেশ চান্দিমাল হাঁকিয়েছেন অপরাজিত ট্রিপল সেঞ্চুরি। অপরাজিত ৩৫৪ রানের ইনিংস খেলেছেন তিনি।

সেপ্টেম্বরে বাংলাদেশ দল করোনা পরিস্থিতি সামলে প্রথম আন্তর্জাতিক সফরে শ্রীলঙ্কা যাবে। অক্টোবরের শেষে ৩ টেস্টের সিরিজ শুরু হওয়ার কথা। তার আগে বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়রা একক ও ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে এখন অনুশীলন করছেন। আর ওদিকে শ্রীলঙ্কার ক্রিকেটাররা নিজের দেশে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছেন।

প্রিমিয়ার লিগ ক্রিকেটে টায়ার ‘এ’র সুপার এইটের ম্যাচে শ্রীলঙ্কা আর্মি স্পোর্টস ক্লাবের প্রথম ইনিংসে ক্যারিয়ারের সেরা ও প্রথম ট্রিপল সেঞ্চুরির ইনিংস খেলেছেন চান্দিমাল। বুধবার ৩৯১ বলে ৩৩ চার ও ৯ ছক্কায় ৩৫৪ রানের হার না মানা ইনিংস খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তিন দিনের ম্যাচটি গতকাল ড্র হয়েছে। আগস্টে ফের শুরু এই আসরের প্রথম ম্যাচে সেঞ্চুরি ও পরের দুই ম্যাচে দুটি ফিফটি করেছেন চান্দিমাল। ৩০ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান আছেন দারুণ ফর্মে।