ওল্ড ট্র্যাফোর্ডে এবার টি২০ লড়াই

তিন ম্যাচের টেস্ট সিরিজ জিতে ফুরফুরে মেজাজে ইংল্যান্ড। ১-০তে হারার পর পাকিস্তান কিছুটা সমস্যায় থাকবে সেটাই স্বাভাবিক। মিডিয়াতে শোনা যাচ্ছে হেড কোচের দায়িত্ব ভালোভাবে সামলানোর জন্য প্রধান নির্বাচকের আসন ছাড়তে চান মিসবাহ-উল-হক। যদিও পিসিবি এই খবরকে গুজব হিসেবে উড়িয়ে দিয়েছে। এইসব ছোটখাটো সমস্যা বাদ দিলে আজ ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শক্তির মাপকাঠিতে পাকিস্তান খুব পিছিয়ে নেই। বাবর আজমের নেতৃত্বে নামবে তারা।

টি-টোয়েন্টিতে বেশ কিছু পরিবর্তন আসবে ইংল্যান্ড দলে। সম্ভবত জস বাটলার এবং জোফরা আর্চার খেলবেন না। পরিবর্তে ইংল্যান্ডের টপ অর্ডারে যুক্ত হচ্ছেন জনি বেয়ারস্টো। এ ছাড়া টি-টোয়েন্টি দলে যোগ দেবেন ডেভিড মালান, টম ব্যান্টন এবং স্যাম বিলিংস। আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ খেলেছেন বিলিংস। টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের নেতৃত্ব দেবেন ইয়ন মরগান। প্রথম টি-টোয়েন্টিতে ইংলিশ পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন ডেভিড উইলি। এ ছাড়া আছেন আদিল রশিদ, টম কুরান এবং সাকিব মেহমুদ।

টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের মতো পাকিস্তান দলে খুব বেশি পরিবর্তন হবে না। আজ একাদশে থাকবেন ফখর জামান, হায়দার আলি এবং মোহাম্মদ হাফিজ। এই তিনজন ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টেস্টে খেলেননি। শোয়েব মালিক প্রথম টি-টোয়েন্টি দলে নাও থাকতে পারেন। সফরকারী দলে অলরাউন্ডার হিসেবে আছেন ইমাদ ওয়াসিম, শাদাব খান। পাকিস্তানের পেস আক্রমণে থাকছেন শাহিন আফ্রিদি, ওয়াহাব রিয়াজ এবং মোহাম্মদ আমির। তিন টি-টোয়েন্টি ম্যাচই হবে ওল্ড ট্র্যাফোর্ডে।