শিশু উন্নয়ন কেন্দ্রে নৃশংসতা

৮ কিশোর বন্দির ৪ দিনের জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর হত্যা মামলায় গ্রেপ্তার কেন্দ্রের ৮ কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে আদালত। যশোর নারী ও শিশু নির্যাতন দমন ও প্রতিরোধ ট্রাইব্যুনালের বিচারক টি এম আবু মুসা গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে এ আবেদন মঞ্জুর করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মো. রকিবুজ্জামান ও রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তদন্ত কর্মকর্তা রকিবুজ্জামান জানান, ২০ আগস্ট ৮ কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। আদালত শুনানি শেষে ৪ দিনের জিজ্ঞাসাবাদ মঞ্জুর করেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এ মামলায় গ্রেপ্তারকৃতদের শিশু উন্নয়ন কেন্দ্রের নিরিবিলি স্থানে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য বলা হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনায় প্রকৃতপক্ষে কী ঘটেছিল, এর সত্যতা জাতির সামনে আসার জন্যই আদালত জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে।