সেবাপ্রার্থীদের ভোগান্তি দূর করতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ৩৮ ধরনের সেবা ডিজিটাল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘মাইগভ প্ল্যাটফর্মে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রথম মন্ত্রণালয় হিসেবে কার্যক্রম শুরুর সম্মান অর্জন করায় আমরা আনন্দিত। এতে মুক্তিযোদ্ধাদের সেবার মান বৃদ্ধি পাবে এবং কষ্ট করে আর সেবার জন্য ঘুরতে হবে না।’
সংক্ষিপ্ত বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ‘আজকে আমরা ৩৮টি সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যাভেইলেবেল করছি। মাইগভ নামে একটি প্ল্যাটফর্মে অ্যাপ্লিকেশনগুলো থাকবে। মাইগভটা হচ্ছে একটি মোবাইল অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি মোবাইল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন।’