রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের রুশ শ্রমিকের মৃত্যু

অতিরিক্ত মদ্যপানে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় রাশিয়ার এক নাগরিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহীর সিডিএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃতের নাম সেরগে স্মোলনিকভ (৪৩)। তিনি পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সাধারণ শ্রমিক হিসেবে চাকরি করতেন।

সিডিএম হাসপাতালের পরিচালক ডা. তোকি চৌধুরী জানান, বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে তাকে ঈশ্বরদী থেকে নিয়ে এসে সিডিএম হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বলেন, ‘আমরা সবাই মিলে তাকে বাঁচিয়ে তোলার খুব চেষ্টা করেছি। তখন এখানে একজন রুশ চিকিৎসকও ছিলেন। কিন্তু তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।’

তোকি আরও বলেন, তার সঙ্গে যারা এসেছেন তারা চিকিৎসকদের জানান, গত চার দিন ধরে তিনি টানা মদ্যপান করছিলেন।