করোনায় মৃত বাবার শেষকৃত্যে থাকছেন না রাজ চক্রবর্তী

কিছুদিন আগে নিজের করোনা আক্রান্তের খবর জানিয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। ঠিক সেই রোগেই মারা গেলেন তার বাবা কৃষ্ণ শঙ্কর চক্রবর্তী।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতার জন্য বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন কৃষ্ণ। শুক্রবার সকালে তিনি প্রয়াত হন।

করোনায় আক্রান্ত হওয়ায় রাজের বাবাকে সরকারি নিয়ম মতে শুক্রবার দাহ করা হবে। তবে কোয়ারেন্টাইনে থাকায় বাবাকে শেষবার দেখতে পারবেন না তিনি।

১৭ আগস্ট টুইটারে নিজের আক্রান্ত হওয়ার কথা জানান রাজ। আপাতত তিনি বাড়িতেই নিভৃত বাসে রয়েছেন।

ওই সময় জানিয়েছিলেন, তিনি ছাড়া বাড়ির বাকি সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।

পরিচালকের স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি অন্তঃসত্ত্বা, রাজের বাবা-মা বয়স্ক— তাই তাদের রিপোর্ট নেগেটিভ আসার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল অনুরাগীরা।

ওই সময় আরও জানা যায়, শারীরিক জটিলতার জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন রাজের বাবা। গণেশ চতুর্থীর দিন নির্মাতা জানান, আগের থেকে ভালো আছেন তার বাবা। ভালো আছেন তিনিও।

কিন্তু দিন দু-এক আগে কৃষ্ণ শঙ্করকে পুনরায় করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। আর পরিবারকে কাঁদিয়ে আজ সকালে প্রয়াত হলেন।

সেপ্টেম্বরে মা হতে চলেছেন শুভশ্রী। এ নিয়ে কয়েক মাস ধরে উৎসবের মেজাজ বিরাজ করছিল চক্রবর্তী পরিবারে। রাজ-শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় ছবি ও গল্প শেয়ার করে সবার মনোযোগ কেড়ে নিয়েছিলেন। কিন্তু রাজের করোনার খবর দিয়েই উৎসবের রঙ ফিকে হয়ে আসে।