‘মানুষ সবকিছু বাদ দিয়ে ডকুমেন্টারি-ডকুড্রামা-ডকুফিকশন দেখবে’

শিরোনামের কথাগুলো নামি চিত্রগ্রাহক রাশেদ জামানের। তার মতে, এমন ভাবনা একসময় হেসে উড়িয়ে দিলেও এখন সত্য মনে হচ্ছে।

ফেইসবুক পোস্টে এ কথা বললেন তিনি। বরাত হিসেবে এসেছে প্রযুক্তি নির্ভর হলিউড নির্মাতা জেমস ক্যামেরনের নাম।

রাশেদ জামান লেখেন, “আজকে থেকে প্রায় আঠারো বছর আগে ইউসিএলএ অথবা প্যারামাউন্ট পিকচার্স অডিটোরিয়ামে (আমার সঠিক মনে নেই) বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরন বলেছিলেন, একটা সময় আসবে মানুষ সিনেমার চেয়ে টিভি সিরিজ বেশি দেখবে। আমরা হল ভর্তি মানুষ কৌতুক মনে করে হো হো করে হেসেছিলাম।

তখন টিভি সিরিজ বলতে আমরা বুঝি ম্যাকগাইভার, যার প্রত্যেক অ্যাপিসোডের গল্প আলাদা এবং সিজন বলে কিছু ছিল না - এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে মোটামুটি আন্দাজ করতে পারতাম কী হতে যাচ্ছে।

এখন আমার মনে হচ্ছে, একটা সময় আসবে মানুষ সবকিছু বাদ দিয়ে প্রচুর ডকুমেন্টারি/ ডকুড্রামা/ ডকুফিকশন ফিল্ম দেখবে। ফিল্মের উপেক্ষিত এই শাখাটি গত কয়েক বছরে অনেক অনেক এগিয়ে গেছে। মেকিং-এর পারদর্শিতার কারণে ‘রিয়েল লাইফ ড্রামা’ হিসেব কষে সাজানো ড্রামার চেয়ে অনেক বেশি উপভোগ্য হবে, বিশ্বাসযোগ্য হবে, গ্রহণযোগ্য হবে।”

দর্শক রুচির এ পরিবর্তন প্রসঙ্গে বলেন, “কারণ - সবচেয়ে বড় সত্য হচ্ছে আমাদের চারপাশের ‘পাশকাটানো বাস্তবতা’ লেখকের ফাঁদ পাতা গল্পের চেয়ে অনেক বেশি আমাদের ‘অজানা’, ‘রহস্যময়’, ‘কমিক’ ‘মেলোড্রামাটিক’ এবং অনেক কিছু।”

“এটাই হয়তো হবে নিউ নিওরিয়্যালিজম”, শেষে এমনটা বললেন ‘আয়নাবাজি’ সিনেমার জন্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত রাশেদ জামান।