জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের জাতীয় শোক দিবস পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহদাত বার্ষিকী উপলক্ষে শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরাম আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফোরাম সভাপতি, সচিব মনোয়ার হোসেন।

পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে সভা শুরু হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ফোরাম সাধারণ সম্পাদক ও ডিএমপি গোয়েন্দা পুলিশের উপকমিশনার আ. আহাদ স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার শুরু হয়। 

এ ছাড়া বক্তব্য রাখেন ফোরাম সহসভাপতি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুস সালেহীন, 
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তাহিয়াত হোসেন, নায়েম এর মহাপরিচালক অধ্যাপক আহমেদ সাজ্জাদ রশিদ। 

আলোচনায় বক্তারা মানব ইতিহাসের নির্মমতম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যার তীব্র নিন্দা জানান।

তারা বঙ্গবন্ধুর খুনিদের শাস্তি প্রদানে সন্তোষ প্রকাশ করেন এবং অবশিষ্ট পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান।

বক্তারা আলোচনায় আগামীতে যেকোনো ষড়যন্ত্র প্রতিহতের সংকল্প ব্যক্ত করেন। 

ফোরামের নির্বাহী কমিটির অন্যান্য সদস্য সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ১৫ আগস্ট কালরাত্রির শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন হয়।