মাত্র ১৭০০ টাকায় বিক্রি হচ্ছেন ইরাকের প্রয়াত শাসক সাদ্দাম হোসেন। এক মার্কিন অনলাইন শপিং সাইটে নাকি বিক্রি হচ্ছেন তিনি। এমনই এক বিজ্ঞাপনের স্ক্রিনশট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
অনলাইন শপিং সাইট ‘উইশ’-এর একটি প্রোডাক্টের বিজ্ঞাপন নিয়েই এই বিভ্রান্তি তৈরি হয়। সেখানে দেখা যায় সাদ্দাম হোসেনের একটি ছবি। ছবিটি ইরাকে সাদ্দাম বিরোধী জোটের হাতে ধরা পড়ার পরে তোলা। ছবিতে তার বড় বড় দাড়ি, গোঁফে ঢাকা মুখ, অবিন্যস্ত চুল দেখা যাচ্ছে, গায়ে একটি কালো পোশাক।
আসলে সাদ্দাম হোসেনের এই রকম ছবির পোস্টার বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে অনলাইন সাইটটিতে। সেখানে এই পোস্টারের দাম ২০ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৬৯৬ টাকা।
প্রসঙ্গত, শুধু পোস্টারই নয় সাদ্দামের ছবি ছাপা টি-শার্টও পাওয়া যায় ওই সাইটে।
বিজ্ঞাপনে ছবির অংশটির স্ক্রিন শট শেয়ার হওয়ার ফলে বিভ্রান্ত হন অনেকে। অনেক নেটিজেন বিষয়টি নানা ধরণের মজার মন্তব্য করেছেন।