উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় স্বদেশি প্রবাসীকে অপহরণের পর মুক্তিপণ চেয়ে ধরা পড়েছেন দিনাজপুরের এক প্রবাসী।
ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস তাদের ফেইসবুক পেজে শুক্রবার জানিয়েছে, বাংলাদেশি নাগরিক চুয়াডাঙ্গার মো: ইমাদুলকে মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে অপহরণ করেন দিনাজপুরের আব্দুল খালেক।
অপহরণের বিষয়টি সাবরাতা শহরে বসবাসরত কয়েকজন বাংলাদেশি দূতাবাসকে জানালে নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে পরামর্শ করে স্থানীয় থানায় জিডি করা হয়।
এর ভেতর অপহরণকারী চক্র ইমাদুলের ছেলের ইমো নম্বরে দেশে ফোন করে নির্যাতনের ভিডিও পাঠিয়ে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
ইমাদুলকে অপহরণের ঘটনায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা সেখানে কর্মরত খালেককে সন্দেহ করেন।
এই অবস্থায় খালেকের পরিচয় ও স্থান নিশ্চিত করে ইমাদুলের নিয়োগকর্তা ও স্থানীয় প্রবাসীদের সহযোগিতায় সাবরাতা থানায় অবহিত করা হলে তাকে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি ইমাদুলের অপহরণের ঘটনায় জড়িত বলে স্বীকার করেন এবং তার অন্য লিবিয়ান সহযোগীদের নাম বলেন।
এরপর স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী অপহরণকারী চক্রের মূলহোতাকে আটক করে তার দেওয়া তথ্য মতে ইমাদুলকে উদ্ধার করতে সক্ষম হয়।
ইমাদুলকে তার নিয়োগকর্তার তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।