বিশিষ্ট কথা সাহিত্যিক ও খ্যাতিমান সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার পৃথক বার্তায় রাহাত খানের মৃত্যুতে তারা এই শোক প্রকাশ করেন।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ রাহাত খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার পরিবারের শোক-সন্তপ্ত সদ্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ড. হাছান মাহমুদ শোকবার্তায় বলেন, রাহাত খান দেশের একজন অনন্য খ্যাতিমান কথাশিল্পী ও সাংবাদিক ছিলেন। ছোটগল্প, উপন্যাস সহ বাংলা সাহিত্যের বিভিন্ন অঙ্গনে ও সাংবাদিকতায় তার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।
অন্যদিকে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পৃথক এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
একুশে পদক প্রাপ্ত সাহিত্যিক ও সাংবাদিক বার্ধক্যজনিত জটিলতার কারণে আজ রাত সাড়ে আটটার দিকে নগরীর ইস্কাটনে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রাহাত খান হৃদরোগ, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।