দিনাজপুরের হাকিমপুরে করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে সীমিত পরিসরে দুর্গাপূজা অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে পূজা উদযাপন পরিষদ।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় হিলি স্থলবন্দরের সামনে অবস্থিত হোটেল ক্যাপিলায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে এক সভায় সবার উপস্থিতিতে ও মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সিদ্ধান্ত হয় মাস্ক ছাড়া কাউকে প্যান্ডেলে ঢুকতে না দেওয়াসহ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে, উচ্চস্বরে গান-বাজনা না বাজিয়ে পূজা উদযাপনের। এ ছাড়া কেউ যেন প্রতিমা ভাঙচুর বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে না পারে সেজন্য প্রশাসনের পাশাপাশি নিজস্ব ভলান্টিয়ার রাখার উদ্যোগসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট না দেওয়ার আহ্বান জানানো হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাকিমপুর শাখার সভাপতি সুমন মন্ডলের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সহসভাপতি অভয় মানি, উত্তম সাহা, সাধারণ সম্পাদক দিপংকর সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত কুমার বসাক প্রমুখ।