বিশ্ব জয় করতে চান রোনালদো

সিরি আ জিতেছেন, কিন্তু জুভেন্তাসের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্নটা এবারও পূরণ হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। ফ্রান্সের লিওঁর কাছে প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিতে হয় তাদের। সেই ক্ষতে অন্তত কিছুটা প্রলেপ লাগিয়ে দিয়েছেন ভক্তরা। দর্শকের চোখে এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেরা গোলটি তারই।

চ্যাম্পিয়নস লিগে ইতিহাসের অন্যতম সেরা গোলটিই রোনালদোর। ২০১৭-১৮ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে বর্তমান ক্লাব জুভেন্তাসের বিপক্ষে তার বাইসাইকেল কিকই হয়েছিল সেবারের সেরা গোল। এবারের গোলটি তেমন মুগ্ধকর না হলেও ছিল দারুণ। লিওঁর বিপক্ষে হেরে বাদ পড়া ম্যাচে তার দ্বিতীয় গোলটি উয়েফার সমর্থক জরিপে পেয়েছে সবচেয়ে বেশি ভোট। সেই গোলের পর নতুন কোচ আন্দ্রিয়া পিরলোর অধীনে নতুন মৌসুমের অনুশীলন শুরু করে দিয়েছেন রোনালদো। আগামী মৌসুম নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন সি আর সেভেন।

বৃহস্পতিবার নিজের ইন্সটাগ্রামে রোনালদো লেখেন, ‘আমি ‘ব্লানকোনেরোতে’ নিজের তৃতীয় মৌসুমের জন্য প্রস্তুত হচ্ছি। আমার আত্মবিশ্বাস এবং লক্ষ্য সব সময়ের মতোই উঁচু। গোল, জয়, প্রতিশ্রুতি, ডেডিকেশন, পেশাদারিত্ব। আমার সব শক্তি এবং সতীর্থ, স্টাফদের সহায়তায় আমরা আবারও ইতালি, ইউরোপ এবং বিশ্ব জয় করার জন্য কাজ করব। রেকর্ড ভাঙব।’ রোনালদোকে জুভেন্তাস দলে ভিড়িয়েছে চ্যাম্পিয়নস লিগ জয়ের আশায়। ইউরোপের ক্লাব সেরার মঞ্চে ব্যর্থতার কারণে মরিসিও সারিকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে আন্দ্রিয়া পিরলোকে। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে ইতালিয়ান লিগের নতুন মৌসুম। রোনালদো বলেন, আরও একবার শিরোপা জয় করতে এবং নিজের লক্ষ্যও পূরণ করতে চাই। আরও ভালো করতে চাই। উঁচুতে পৌঁছাতে হলে সফল হওয়ার জন্য চ্যালেঞ্জ জয় করতে হবে।’ মৌসুমকে সামনে রেখে অন্য দলগুলোর প্রতি ভালোই নজর রাখছে জুভেন্তাস তা বোঝা যায় রোনালদোর কথায়। তিনি বলেন, ‘আমরা জুভেন্তাস! আমরা চ্যাম্পিয়ন! আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসছি! আমরা আপনাদের সবাইকে গণনায় রাখছি। ফিনো আলা ফিনে (শেষ পর্যন্ত)!’

রোনালদো গেল মৌসুমেও বেশ কিছু রেকর্ড নিজের করে নিয়েছেন। গেল মৌসুমে জুভেন্তাসের হয়ে করেছেন মোট ৩৭ গোল, যা জুভেন্তাসের হয়ে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড। প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে তিনটি ক্লাবের হয়ে ১০ বা তার বেশি গোল করার রেকর্ড রোনালদোর। প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি আ-তে ৫০ বা তার বেশি গোলের রেকর্ডও তার। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের তিনটিতে এক মৌসুমে ৩০ বা তার বেশি গোল করার কৃতিত্বও রোনালদোর। এত রেকর্ডের পরও গেল মৌসুমে সিরি আ-তে শীর্ষ গোলদাতা হতে পারেননি রোনালদো। লাৎসিওর ইম্মোবিল ৩৬ গোল নিয়ে শীর্ষ গোলদাতা হন। রোনালদোর গোল ছিল ৩১টি।