ডিএনডি প্রজেক্ট

২২ লাখ মানুষ তাকিয়ে প্রধানমন্ত্রীর দিকে : শামীম ওসমান

ডিএনডির ২২ লাখ মানুষ প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান। তিনি বলেন, ‘আগামী ১ সেপ্টেম্বর ডিএনডির এই প্রজেক্ট একনেকে উঠবে। সেদিন যদি প্রধানমন্ত্রী ডিএনডির এই প্রজেক্ট অনুমোদন করেন, তাহলে আমি আশা করি ডিএনডিবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।’

গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাগলা বাড়ি এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শামীম ওসমান বলেন, তৎকালীন পরিকল্পনামন্ত্রী মোস্তফা কামালকে দুপুরে খাবারের টেবিল থেকে জোর করে নিয়ে এসেছিলাম ডিএনডিবাসীর দুঃখ-দুর্দশা সরাসরি দেখানোর জন্য। তিনি প্রকল্প এলাকা পরিদর্শনের পর ডিএনডি প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়। 

শামীম ওসমান বলেন, সংসদ সদস্য বা মন্ত্রী হতে রাজনীতিতে আসিনি, বঙ্গবন্ধু হত্যার বিচার বাস্তবায়নের জন্য রাজনীতিতে এসেছি। যারা জাতির পিতাকে হত্যা করেছে, তারা একজন মানুষকে মারেনি। তারা এদেশের যুবসমাজের স্বপ্ন শেষ করে দিয়েছে। আমাদের দেশের ছেলেরা আজ বিদেশে যাচ্ছে, অথচ বঙ্গবন্ধু জীবিত থাকলে বিদেশের ছেলেরা আজ বাংলাদেশে আসত।