লেখক সাইফুল বাতেন টিটোর উপন্যাস ‘বিষফোঁড়া’ নিষিদ্ধ করায় প্রতিবাদ জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি (ঘাদানিক)। গতকাল শুক্রবার সংগঠনটির সভাপতি শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক কাজী মুকুল এক বিবৃতিতে এ নিন্দা জানান। বিবৃতিতে বলা হয়, ‘২৪ আগস্ট ঘাদানিক গবেষণা সেলের সদস্য সাইফুল বাতেন টিটোর কওমি মাদ্রাসায় শিশু নির্যাতনবিষয়ক উপন্যাস ‘বিষফোঁড়া’ নিষিদ্ধের আদেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমরা এ আদেশের প্রতিবাদ ও নিন্দা করছি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ধর্ম ব্যবসায়ী মৌলবাদীদের তুষ্ট করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজন মুক্তমনা লেখকের উপন্যাস নিষিদ্ধ করেছে। এতে জঙ্গি মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তিকে প্রশ্রয় দেওয়া হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত হয়েছে।’