ভারতে পাচারের সময় বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে ৯ কেজি ২০০ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ এক নারী পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
শুক্রবার রাত ১২টায় এ ঘটনা ঘটে।
আটক নারী বেনাপোলের সাদিপুর গ্রামের দুখু মিয়ার স্ত্রী। আটক স্বর্ণের মূল্য ৬ কোটি ২৫ লাখ টাকা বলে বিজিবি জানায়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ স্বর্ণের বার ভারতে পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোলের সাদিপুর সীমান্তে দুখু মিয়ার বাড়িতে অভিযান চালায়।
এ সময় ৯ কেজি ২০০ গ্রাম স্বর্ণের বারসহ বানেছা খাতুন (৩৫) নামের এক গৃহবধূকে আটক করা হয়। আটক গৃহবধূকে বেনাপোল বিজিবি ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আটক বানেছা খাতুন বিজিবির কাছে স্বীকার করেছেন, তিনি ও তার স্বামী দীর্ঘদিন ধরে ভারতে স্বর্ণ পাচার করে আসছেন। বিনিময়ে তাদের বার প্রতি ৩ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হতো। তবে বিজিবি স্বর্ণের মূল মালিককে আটকের জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।
আজ শনিবার সকালে আটক বানেছা খাতুনকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে বিজিবি।