ফুসফুসের এক জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করার দাবি করেছে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে। করোনায় ক্ষতিগ্রস্ত এক রোগীর দুটি ফুসফুস একসঙ্গে প্রতিস্থাপন করা হয়েছে।
চেন্নাইয়ের মাল্টি স্পেশ্যালিটি হাসপাতাল এমজিএম হেলথ কেয়ারের বিরল এই অস্ত্রোপচার সম্পন্ন হয়।
এই সময় জানায়, এমজিএম হেলথ কেয়ারে ফুসফুসের এই অস্ত্রোপচার প্রথম নয়। লকডাউনের মধ্যে এটি দ্বিতীয় অস্ত্রোপচার। তবে, এর আগের জন করোনা রোগী ছিলেন না।
এমজিএম হেলথ কেয়ারের কার্ডিয়াক সায়েন্সেসের ডিরেক্টর ও চেয়ারম্যান এবং হার্ট অ্যান্ড লাং ট্রান্সপ্লান্ট প্রোগ্রামের ডিরেক্টর ডাক্তার কেআর বালাকৃষ্ণনের নেতৃত্বে একটি চিকিত্সক দল এই অস্ত্রোপচার করে। ডাক্তার সুরেশ রাও, ডাক্তার শ্রীনাথ, ডাক্তার অপর জিন্দলের মতো বিশেষজ্ঞরা ছিলেন এই টিমে।
কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ ভারতীয় বংশোদ্ভূত ডাক্তার অঙ্কিত ভরত সবার নজর কেড়েছিলেন। তার নেতৃত্বে একটি চিকিত্সক দল সফলভাবে শিকাগোর এক তরুণীর (২০) শরীরে সফলভাবে দুটি ফুসফুস একসঙ্গে প্রতিস্থাপন করে।
প্রায় দুই মাসের ব্যবধানে এবার ফুসফুসের সেই জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হলো ভারতে। মার্কিন ওই তরুণীর মতো এই রোগীর ফুসফুস বিকল হয়ে গিয়েছিল করোনায়।
এশিয়ার প্রথম দেশ হিসেবে করোনা রোগীর শরীরে ফুসফুস প্রতিস্থাপন করে দৃষ্টান্ত স্থাপন করল ভারত।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দিল্লির বাসিন্দা ৪৮ বছর বয়সী এক ব্যক্তির শরীরে এই অস্ত্রোপচার হয়েছে। করোনার কারণে ওই ব্যক্তির ফুসফুসে মারাত্মক সংক্রমণ হয়েছিল। এতে বিকল হয়ে যায় ফুসফুস।