বগুড়ায় সাবেক এমপির ছেলেকে আ.লীগ নেতার হাতুড়িপেটা, গ্রেপ্তার ৩

নাটোর জেলার সিংড়া-৩ আসনের সাবেক এমপি ইয়াকুব আলীর ছেলে আশিক ইকবালকে (৪৬) হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে এক ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও তার অনুসারীদের বিরুদ্ধে।

গুরুতর আহত আশিক বগুড়া জিয়াউর রহমান কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওই ঘটনায় সিংড়ার ১নং সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম মো. হাসমত আলীসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭ জনকে আসামি করে বগুড়ার নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

সাবেক এমপি ইয়াকুব আলীর ছোট ছেলে ইফতেখার আলম এই মামলা দায়ের করেন। ওই মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার বাদী ইফতেখার আলম জানান, তার বড় ভাই আশিক ইকবালের অবস্থা আশঙ্কাজনক। স্মরণসভায় আশিক ইকবালের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা সিংড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিকের এক অনুষ্ঠানে উপস্থিত হন।

এর জের ধরেই তারা আশিক ইকবালকে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে মাথা এবং হাত-পায়ে কুপিয়ে গুরুতর জখম করেন।

বগুড়া জিয়াউর রহমান কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শওকত কবির বলেন, অবস্থা গুরুতর হওয়ায় সার্জিক্যাল বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শরীরের বিভিন্ন পরীক্ষা করতে দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, গত ২৬ আগস্ট সিংড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক এক স্মরণ সভার আয়োজন করেন। সেই স্মরণসভায় সাবেক এমপি ছেলে আশিক ইকবালের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত হন।

এতে সুকাশ ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম মো. হাসমত আলীসহ তার নেতাকর্মীদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।

এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার রনবাঘা মাছ বাজারে আশিক ইকবালের ওপর হামলা চালায় আওয়ামী লীগের কর্মীরা। এ সময় তাকে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে মাথা এবং হাত ও পায়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

নন্দীগ্রাম থানার এসআই আব্দুর রহিম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় ব্যবহৃত হাতুড়ি উদ্ধার করা হয়েছে।