আইপিএল: সব আসর মিলে সর্বোচ্চ রান যাদের

ঘনিয়ে এসেছে আইপিএল শুরুর সময়। সব ঠিক থাকলে ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আর আমিরাতে মাঠে গড়াবে আইপিএলের ১৩তম আসর। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর আগে চোখ বোলানো যাক রেকর্ড বইয়ে। দেখে নেওয়া যাক আইপিএলে সর্বোচ্চ স্কোরারদের তালিকা-

বিরাট কোহলি

এখন পর্যন্ত আইপিএলে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ২০০৮ সালে আইপিএলের শুরুর আসর থেকে গত বছর পর্যন্ত খেলেছেন ১৭৭ টি ম্যাচ, করেছে ৫৪১২ রান। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কের নামের পাশে ৩৬টি ফিফটির সঙ্গে রয়েছে ৫টি সেঞ্চুরি।

সুরেশ রায়না

চেন্নাই সুপার কিংসের তারকা আসছে আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। নিশ্চিতভাবেই আইপিএল মিস করবে তাকে। কারণ জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে ভারতের সাবেক ব্যাটার অন্যতম পারফরমার। এখন পর্যন্ত খেলেছেন ১৯৩ টি ম্যাচ। ৩৮ ফিফটি ও ১ সেঞ্চুরিতে করেছেন ৫৩৬৮ রান। কোহলির পরেই তার অবস্থান।

রোহিত শর্মা

‘‌হিটম্যান’ খ্যাত রোহিত শর্মা আছেন এই তালিকার তৃতীয় স্থানে। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক তিনি। এখনো পর্যন্ত খেলেছেন ১৮৮টি ম্যাচ, করেছেন ৪৮৯৮ রান। ৩৬টি ফিফটির সঙ্গে ১টি সেঞ্চুরি তার।

ডেভিড ওয়ার্নার

অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটসম্যান রয়েছেন তৃতীয় স্থানে। তিনি সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক। আইপিএলের ইতিহাসে এখনো পর্যন্ত ১২৬টি ম্যাচ খেলে তিনি করেছেন ৪৭০৬ রান। ৪৪টি ফিফটির সঙ্গে করেছেন ৪টি সেঞ্চুরি।

শিখর ধাওয়ান

বাঁ-হাতি ওপেনার খেলেন দিল্লি ক্যাপিটালসে। আইপিএলের সব আসর মিলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তার নাম। ১৫৯টি ম্যাচ খেলে করেছেন ৪৫৭৯ রান। রয়েছে ৩৭টি ফিফটি, তবে কোনো সেঞ্চুরি নেই।