বঙ্গবন্ধুর কথা বলে আ.লীগ যা খুশি তা করতে পারবে না : জি. এম কাদের

বঙ্গবন্ধুর কথা বলে আওয়ামী লীগ যা খুশি তা করতে পারবে না উল্লেখ করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি.এম কাদের বলেছেন, বঙ্গবন্ধু সব দলের নেতা। তাকে আওয়ামী লীগের নেতা হিসেবে ছোট করে দেখব কেন। বঙ্গবন্ধুর কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। তিনি ছিলেন নেতাদের নেতা।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টি আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জি.এম কাদের বলেন, শেখ মুজিবের কথায় সাধারণ মানুষ বাঁশের লাঠি নিয়ে ট্যাঙ্কের সঙ্গে যুদ্ধ করেছে। একটি সময় এসে তিনি সব মানুষের নেতা হয়ে উঠেছিলেন। সাধারণ মানুষের কাছে শেখ মুজিবের পরিচিতি আওয়ামী লীগের চেয়ে বেশি ছিল। বঙ্গবন্ধুকে জাতির জনক হিসেবে সাংবিধানিকভাবে যে প্রস্তাব করা হয়েছে, সেখানে জাতীয় পার্টিও সমর্থন করেছে। যেহেতু তিনি সাংবিধানিকভাবে জাতির জনক, সেহেতু তার শোক দিবস আমরা পালন করব–এটাই স্বাভাবিক। আমরা শোক দিবস পালন করব বলে কি আওয়ামী লীগ হয়ে গেলাম। না আমরা আওয়ামী লীগ হইনি। আমরা বঙ্গবন্ধুর কাছ থেকে শিক্ষা নিয়ে জাতীয় পার্টির রাজনীতি করব। কোনো দলের লেজুড়বৃত্তি করব না।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, কেন্দ্রীয় যুব সংহতি পার্টির সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহজালাল প্রমুখ।