ভোগ নয়, বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ ছিল ত্যাগের উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘বঙ্গবন্ধু রাজনীতিতে নীতি-আদর্শকে সর্বোচ্চ স্থান দিতেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেই, রয়েছে তার আদর্শ। সাহস ও প্রজ্ঞা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে এবং বিশ্ব নেতায় রূপান্তর করেছে।’
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতাবিরোধী চক্র মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল। দীর্ঘ ২১ বছর তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে ও বুঝতে না দিয়ে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। আইন করে বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করে খুনিদের দূতাবাসে চাকরি দিয়ে পুনর্বাসন করেছিল।’
প্রতিমন্ত্রী বলেন, ‘তাদের ভয় ছিল বঙ্গবন্ধুর রক্তের উত্তরসূরি কেউ যদি বেঁচে থাকে তাহলে তারা বাংলাদেশকে তাদের মতো করে সেই পাকিস্তানের ভাবধারায় ফিরে যেতে পারবে না। আর সে কারণেই বঙ্গবন্ধুর চার বিশ্বস্ত সহযোগীকে নভেম্বরের ৩ তারিখে জেলের অভ্যন্তরে হত্যা করা হয়। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই নয়, মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীন বাংলাদেশের এগিয়ে যাওয়াকেও হত্যা করতে চেয়েছে।