বেনাপোল সীমান্তে ৯ কেজি স্বর্ণসহ নারী গ্রেপ্তার

ভারতে পাচারের সময় বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে ৯ কেজি ২০০ গ্রাম ওজনের ৫৭টি সোনার বারসহ বানেছা খাতুন (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে বিজিবি। গত শুক্রবার রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা সোনার মূল্য ৬ কোটি ২৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। বানেছা সাদিপুর গ্রামের দুখু মিয়ার স্ত্রী।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ সোনার বার ভারতে পাচার হচ্ছেএমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোলের সাদিপুর সীমান্তের দুখু মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় ৯ কেজি ২০০ গ্রাম ওজনের ৫৭টি সোনার বারসহ দুখুর স্ত্রী বানেছাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বানেছা স্বীকার করেছেন, তিনি ও তার স্বামী দীর্ঘদিন ধরে ভারতে সোনা পাচার করে আসছেন। বারপ্রতি তিন হাজার টাকা করে পেতেন তারা।