রাজধানীতে আনসার আল ইসলামের সক্রিয় জঙ্গি গ্রেপ্তার

রাজধানী ঢাকার কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে ‘আনসার আল ইসলাম’ এক সক্রিয় জঙ্গি সদস্য গ্রেপ্তার করে র‌্যাব-৪।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সংগঠনটির হবিগঞ্জ জেলা আমিরের ঘনিষ্ঠ সহযোগী শামসুল আলমকে (২৬) গ্রেপ্তার করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার র‌্যাব জানায়, গত বছরের ১৫ নভেম্বর আনসার আল ইসলামের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। ওই সময় গ্রেপ্তারকৃত সাতক্ষীরা জেলার আমির ইকরামুল ইসলাম ওরফে আমির হামজার দেওয়া তথ্যের ভিত্তিতে শামসুলকে গ্রেপ্তার করতে সমর্থ হয়।

শামসুল সিলেটের একটি মাদ্রাসা থেকে আলিম পাস করে বর্তমানে বেকার। গত পাঁচ বছর যাবৎ শামসুল আনসার আল ইসলামের সঙ্গে জড়িত এবং নিয়মিতভাবেই হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় তার সহচরদের সঙ্গে গোপন বৈঠক, নিয়মিত চাঁদা ও নতুন সদস্য সংগ্রহ করে আসছিল।

সম্প্রতি ঢাকায় সহচরদের সঙ্গে দেখা করতে আসছিল শামসুল। তার কাছ থেকে আনসার আল ইসলামের বর্তমান কার্যক্রম সম্পর্কে অনেক গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্যাদি পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব।

শামসুলের কাছ থেকে আনসার আল ইসলামের বিভিন্ন ধরনের উগ্রবাদ সম্পর্কিত বই, লিফলেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব জানিয়েছে, শামসুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তার অন্য সহচরদের গ্রেপ্তার করার জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।